২২ মার্চ ২০১৩ - ১৯:৩০

গতরাতে লেবাননের প্রধানমন্ত্রী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেবাননের প্রধানমন্ত্রী নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লেবাননের প্রধানমন্ত্রী ‘নাজিব মীকাতী’ গতকাল শুক্রবার (২২শে মার্চ) এক সংবাদ সম্মেলনে তার পদত্যাগের কথা ঘোষণা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গতকাল বিকেলে অনুষ্ঠিত লেবাননের মন্ত্রী সভায় তার প্রস্তাবিত বিল পাশ না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

উক্ত সভায় তিনি লেবাননের বর্তমান পুলিশ প্রধান ‘আশরাফ রিফী’র দায়িত্বের মেয়াদ বাড়ানো এবং লেবাননের জাতীয় সংসদ নির্বাচনের উপর নজরদারীর জন্য কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন।

ইতিপূর্বে তিনি আরো দু’বার পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন –এ কথা উল্লেখ করে জনাব মিকাতী ঐ সংবাদ সম্মেলনে বলেন, এবার তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং এ পদক্ষেপের কারণে রাজনৈতিক দল ও সংগঠনসমূহ দায়িত্ব পালনে আরো যত্নবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#

 

আপডেট :

আল-আরাবিয়া নিউজ চ্যানেল হতে প্রচারিত সংবাদে বলা হয়েছে যে, লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলায়মান এদেশের প্রধানমন্ত্রী নাজিব মিকাতী’র পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।